২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুপ্রকল্প এলাকায় মালয়েশিয়ার প্রতিনিধিরা

পদ্মা সেতু নির্মাণে ‘প্রাথমিক’ প্রস্তাব উপস্থাপনের পর প্রকল্প এলাকা ঘুরে দেখেছেন মালয়েশিয়া সরকারের প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

মুন্সীগঞ্জ/মাদারীপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে ‘প্রাথমিক’ প্রস্তাব উপস্থাপনের পর প্রকল্প এলাকা ঘুরে দেখেছেন মালয়েশিয়া সরকারের প্রতিনিধিরা। মঙ্গলবার ১৫ সদস্যের প্রতিনিধি দলটি মুন্সীগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা, মাদারীপুরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দিতে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দাতো সেরি স্যামি এস ভ্যালুর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে পদ্মা সেতুর এই ‘প্রাথমিক’ প্রস্তাব উপস্থাপন করেন। পরিদর্শনের সময় সেতু বিশেষজ্ঞ এন সিলভা নাগাগামের নেতৃত্বে মালয়েশিয়ার কয়েকজন প্রকৌশলী, আবুধাবির দুইজন বিশেষজ্ঞসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়। এই পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৭ ঘ.