চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।
প্রথম আলোর তিন ফটো সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
আগের রাতে ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা হওয়ায় দোষীদের বিচারের দাবিও যুক্ত করা হয় এই কর্মসূচির সঙ্গে।
চট্টগ্রামে কর্মরত দৈনিক পত্রিকা, বার্তা সংস্থা ও টেলিভিশনের সংবাদকর্মীরা এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে প্রেসক্লাব ভবনের নিচ তলায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজের), চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের নেতারা বক্তব্য দেন।
তারা অবিলম্বে দোষী পুলিশ সদস্য ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সিইউজের সভাপতি শহীদুল আলম বলেন, “অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচার করতে হবে। ঘটনায় জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে হামলায় জড়িতদেরও খুঁজে বের করতে হবে।”
তা না হলে চট্টগ্রামে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুঁশিয়ার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে সিউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল বলেন, “জানি না হামলাকারীদের খুঁজতে কত দিন লাগবে। সাগর-রুনির হত্যাকারীরা আজো গ্রেপ্তার হয়নি।”
সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার সমাবেশে বলেন, “বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। সাংবাদিকদের জন্য এ ঘটনা হুমকি। এটি রাষ্ট্রের ব্যর্থতার পরিচায়ক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রাষ্ট্র যেন ব্যর্থতার চোরাগলিতে প্রবেশ করেছে।”
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সিইউজের যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাব সহ-সভাপতি খোরশেদ আলম, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিদারুল আলম সমাবেশে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮০১ ঘ.
bdnews24