২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলের নেতাদের মুক্তির দাবি স্বজনদের

বিএনপিসহ ১৮ দলের নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন আটকদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, মিথ্যা মামলায় অগণতান্ত্রিকভাবে স্বজনদের আটকে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ ১৮ দলের নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন আটকদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, মিথ্যা মামলায় অগণতান্ত্রিকভাবে স্বজনদের আটকে রাখা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। জাতীয় প্রেস ক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আটক নেতাদের পরিবারের সদস্যদের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র স্ত্রী নাহিদ হান্নান লিখিত বক্তব্য পড়েন। এর আগে পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। নাহিদ হান্নান বলেন, “আমাদের প্রিয়জনরা দেশের বরেণ্য রাজনীতিবিদ। তাদের এভাবে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক। জামিন তাদের স্বাভাবিক অধিকার ছিলো। তবে পরিতাপের বিষয়ে, আদালতের কর্মকাণ্ডে মনে হচ্ছে আদালতে সুবিচার পাওয়া সুদূর পরাহত।” কারাগারে আটক নেতাদের কাছে প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি দরকারি জিনিসপত্র ঠিকভাবে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। “বেশ কয়েকজনকে হাই সিকিরিটি সেলে ফাঁসি ও দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে। এটা দুঃখ ও হতাশাজনক,” বলেন নিহদ হান্নান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আখতার হোসেন বলেন, “আমাদের বাচ্চারা বাবাকে না পেয়ে অসহায়ভাবে দিন গুণছে। আমরা এই অবস্থার অবসান চাই।” যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মেয়ে নাফিজা আমান তার বাবার বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যায়িত করে বলেন, “অগণতান্ত্রিকভাবে আমার বাবাকে আটকে রাখা হয়েছে।” ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অসুস্থ শেখ শওকত হোসেন নিলুর মেয়ে নাজনীন শওকত কান্না বিজড়িত কণ্ঠে বলেন, “বাবার কিছুদিন আগে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছে। তিনি প্রচণ্ড অসুস্থ। তার সঙ্গে আমাকে দেখা করতে দেয়া হয়নি। সাংবাদিকদের বলছি- আমার বাবাকে বাঁচান।” হাবিব-উন নবী খান সোহেলের মুক্তি চেয়েছে আকুতি জানিয়েছে তার শিশু কন্যা মাটিও। অন্যদের মধ্যে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান, এম কে আনোয়ারের ছেলে মাহমুদ আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, ছেলের স্ত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান, রহুল কবির রিজভীর ভাই কামরুল হাসান রাজু, বোন কামরুন নাহার আখতার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলমের স্ত্রী শওকত আরা নাজিম, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের স্ত্রী নুর-ই-জান্নাতর রোশনী, ছেলে আরাফ ইবনে জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানের স্ত্রী রেহানা প্রধান, মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনজুমানারা বেগম, ছেলে মীর ইরফাত আলী ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর স্ত্রী সায়মা পারভীন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৪৫৬ ঘ.