২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৭ হাজার ফেনসিডিল আটক, গ্রেপ্তার ৭

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার বোতল ফেনসিডিলসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার বোতল ফেনসিডিলসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও সাতরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সাগর ওরফে ইউসুফ (২৮), মিলন অধিকারী (২৫), কাইয়ুম (২৫), জাহিদ হাসান (২৯), মামুন (২৫), মো. হোসেন (৪৫) ও জাবেদ (২৮)। শনিবার দুপুরে মিন্টু রোডে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মসিউর রহমান জানান, রাতে সাতরাস্তার কেন্দ্রীয় ওষুধাগারের কাছে ৭/৮ জন লোককে একটি ট্রাক থেকে নীল রঙের ড্রাম নামিয়ে মাইক্রোবাসে তুলতে দেখা যায়। এ সময় ড্রামে কি রয়েছে জানতে চাইলে সেগুলোতে কেমিক্যাল থাকার কথা তারা জানায়। পরে ড্রামে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সাতক্ষীরা ও যশোর থেকে এসব ফেনসিডিল নিয়ে আনা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৩২ ঘ.