ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলের অন্য আরোহী।
শনিবার প্রথম প্রহরে বনানী ১১ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মুশফিকুর রহমান শিশির (২৮) বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করতেন। তার বন্ধু সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্য ঘটলে শিশির ও সোহেল আহত হন।
পুলিশ দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, শিশির মারা গেছেন।
ট্র্রাকচালককে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাইনুল জানান।
নিহত শিশিরের বাসা পুরান ঢাকার ওয়ারীর জুলিয়াটুলী লেনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০২৫ ঘ.
bdnews24