২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঞ্জার জোনে লঞ্চ, ভোলায় ৬ জনের দণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিপদজনক হিসেবে চিহ্নিত মির্জাকালু-আলেকজান্ডার নৌপথ দিয়ে লঞ্চ চালানোর অভিযোগে ছয় শ্রমিককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ভোলা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিপদজনক হিসেবে চিহ্নিত মির্জাকালু-আলেকজান্ডার নৌপথ দিয়ে লঞ্চ চালানোর অভিযোগে ছয় শ্রমিককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকা থেকে এম.ভি হাজী লঞ্চটি আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলাম শ্রমিকদের এ জেল-জরিমানা করেন বলে জানায় পুলিশ। ভোলার মির্জাকালু থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত মেঘনার এ নৌপথটি সমুদ্র এলাকাভুক্ত। সমুদ্র পরিবহন অধিদপ্তর বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ পথকে বিপদজনক হিসেবে চিহ্নিত করে সব ধরনের লঞ্চ চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এসময় এ পথে শুধু সমুদ্র পরিবহন অধিদপ্তরে নিবন্ধিত জাহাজ ও সি-ট্রাক চলাচল করতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করলে নৌ আধ্যাদেশ ১৯৭৬ এর আওতায় জেল-জরিমানার বিধান রয়েছে। দৌলতখান থানার ওসি মোবাশ্বের আলী জানান, এম.ভি হাজী নিষেধাজ্ঞা অমান্য করেই এ পথে যাত্রী পরিবহন করছিল। ভ্রাম্যমাণ আদালত লঞ্চের সুকানী মো. শফিককে এক মাস জেল ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩০ দিনের জেল, মিস্ত্রী মো. হিরণকে ১০ দিনের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের জেল, লস্কর বশিরকে ৩ দিন জেল ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ দিন জেল, লস্কর আব্দুল মান্নানকে ২০ দিন জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন জেল, লস্কর আলতাফ হোসেন ও ইসমাইলকে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ দিন জেল দেয়। এদের মধ্যে আলতাফ ও ইসমাইল জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়েছেন। বাকীদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩৪ ঘ.