রাজশাহী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে এক কাপড় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ওরফে শরীফ নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার দাবি করছে। এ ঘটনায় চপল ও রিপন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শরীফ রাজশাহী মহানগরীর হেতেম খাঁ এলাকার বাসিন্দা। নগরীর আরডিএ মার্কেটে শরীফ গার্মেন্টস নামে তার একটি দোকান রয়েছে।
বুধবার বিকেল ৫টা ১৯ মিনিটে শরীফের সঙ্গে তার দোকানের ম্যানেজার হায়দারের সর্বশেষ কথা হয় বলে পুলিশ জানায়।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোকাররম হোসেন জানান, শরিফুল ইসলামের কাছে কাপড় সরবরাহকারী রিপন প্রায় ৩৫ হাজার টাকা পেতো। প্রায় ১০ দিন আগে টাকার জন্য রিপন ও তার বন্ধু চপল দোকানে গিয়ে শরীফকে গালাগাল করে। এ সময় তারা ওই ব্যবসায়ীকে মেরে ফেলারও হুমকি দেয়।
এ নিয়ে শরীফ থানায় একটি জিডি করেছিলেন বলেও জানান তিনি।
শরীফের দোকানের ব্যবস্থাপক হায়দার বলেন, বুধবার সপুরার কে সি মাল্টিকোঅপারেটিভ সোসাইটি থেকে টাকা তুলতে যান শরীফ। তিনি শহীদ কামরুজ্জামান চত্বর পার হওয়ার সময় তার সঙ্গে ফোনে কথা হয়।
ফোনালাপে শরীফ তাকে বলেছিলেন, “রিপন আমাকে ফোনে আবারো অকথ্য ভাষায় গালাগাল করলো। মেরে ফেলতে চাইলো। এছাড়া কয়েকজন লোক আমার অটো রিকশাটিও ফলো করছে।”
এর পর থেকে শরীফের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি বলে জানান তিনি।
“ফোনে কল ঢুকলেও রিসিভ হয়নি। রাত থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়,” বলেন হায়দার।
শরীফের ছোট ভাই আরিফুল ইসলাম বলেন, কে সি মাল্টিকোঅপারেটিভ সোসাইটির ম্যানেজার তাদের জানিয়েছেন, শরীফ সেখান থেকে ৫৫ হাজার টাকা তুলেছেন।
বুধবার সন্ধ্যায় শরীফকে অপহরণে জড়িত সন্দেহে রিপন ও চপলকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের হেফাজত চাইলে দুই দিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২০০ ঘ.
bdnews24