ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসনাবাদ পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে রাজধানীর উপকণ্ঠের কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জের কয়েকলাখ মানুষ।
বৃহস্পতিবার দুপুরের আগে এসব এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈনউদ্দিন।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে কেরানীগঞ্জের হাসনাবাদ বিদ্যুৎ উপকেন্দ্রে, এর প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এরপর ঢাকার এই তিন উপজেলার বিশাল এলাকার পাশাপাশি মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার কিছু অংশ আর বিদ্যুৎ পায়নি। এসব এলাকায় প্রায় ১৫ লাখ মানুষের বাস।
বিদ্যুৎবিহীন হয়ে পড়া এসব এলাকার সেচ যন্ত্র এবং ছোটখাটো সব কল-কারখানা বন্ধ হয়ে গেছে।
কেরানীগঞ্জের আটি বাজারের আরিফুর রহমান মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবার ফ্রিজে থাকা সব জিনিস পচে যাচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে কিছু কিছু খাবার ফেলে দিতে হচ্ছে।”
জেনেরেটর দিয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কলাতিয়া মডার্ন হাসপাতালের কর্মকর্তারা জানান, প্রতি ২৪ ঘণ্টায় ৮ হাজার টাকার তেল দিয়ে দুটি জেনেরেটর চালিয়ে যেতে হচ্ছে।
নবাবগঞ্জের আলগিরচর এলাকার সাইদুল হক খান ডাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ নেই। কবে আসবে কেউ কিছু বলতে পারছে না।”
এই বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈনউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগ্নিকাণ্ডে বেশ ক্ষতি হয়েছে। আমরা দ্রুত ঠিক করার চেষ্টা করছি।”
কখন নাগাদ এই এলাকার মানুষ বিদ্যুৎ সরবরাহ পাবে- জানতে চাইলে তিনি বলেন, “আশা করছি বৃহস্পতিবার আমরা বিদ্যুৎ দিতে পারব।”
কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক সোহেব আলী খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত থেকে বিদ্যুত নেই। এলাকাবাসী অন্ধকারেই কাটাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, বলেন তিনি।
তবে নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেছেন, বিদ্যুৎ না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
অন্যদিকে দোহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, “বিদ্যুৎ না থাকার বিষয়টি এখন সবাই স্বাভাবিকভাবে নিয়েছে। বিদ্যুত কর্তৃপক্ষ বিদ্যুৎ না থাকার কারণ জানিয়ে এলাকায় মাইকিং করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এআরআর/এলএইচ/এমআই/২১৩৩ ঘ.
bdnews24