‘অধ্যাপক মোজাফফরের শূন্যতা পূরণ হবার নয়’
অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের নেতা মোজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের নেতা মোজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে এক শোক বার্তায় তিনি বলেন, “তার মৃত্যুতে দেশ একজন সুযোগ্য নাগরিককে হারালো। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।”
বিরোধী দলীয় নেতা তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
অধ্যাপক মোজাফফর মঙ্গলবার রাতে ধানমণ্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস মোজাফফর নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মোজাফফরের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১০৫১ ঘ.
