২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেলেনবালা সুন্দরী’র দেশে ফেরা

বাংলাদেশের সার্কাসের এই হাতিটি ৩৬ দিন আগে ভারত সীমান্ত অতিক্রম করেছিল, এরপর ত্রিপুরায় একটি অভয়াশ্রমে ‘অতিথি’ হয়ে ছিল এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 07:52 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ত্রিপুরা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পালিয়ে গিয়ে এক মাসের বেশি সময় ভারতের আতিথ্য নিয়ে দেশে ফিরেছে ‘হেলেনবালা সুন্দরী’। বাংলাদেশের নিউ স্টার সার্কাসের এই হাতিটি ভারত সীমান্ত অতিক্রম করেছিল এবং এরপর ত্রিপুরায় অবস্থান নিয়েছিল এটি। রোববার আখাউড়া সীমান্ত দিয়ে বিশালাকায় হাতিটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই জন্য আয়োজন করা হয় একটি পতাকা বৈঠক, সেখানে বিজিবির কাছে হাতিটি তুলে দেয় বিএসএফ। নিউ স্টার সার্কাসের মালিকও সেখানে ছিলেন। সন্তানসম্ভবা ‘হেলেনবালা সুন্দরী’ গত ১৫ এপ্রিল সীমান্ত পাড়ি দিয়ে ত্রিপুরায় ঢুকে পড়ে। ত্রিপুরার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এক সপ্তাহ চেষ্টা চালিয়ে দক্ষিণ ত্রিপুরার অমরপুরে জঙ্গল থেকে হাতিটিকে ধরেন। হাতিটি যে স্থান দিয়ে ত্রিপুরায় ঢুকেছিল তার চেয়ে একশ কিলোমিটার ভেতর থেকে একে ধরা হয়। এরপর একে পাঠানো হয় সেপাহীজালা অভয়াশ্রমে। বন কর্মকর্তারা জানান, বাংলাদেশি হাতির উপস্থিতিতে ত্রিপুরা সীমান্তের ভারতীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলেও এটি কোনো ধরনের ক্ষতি করেনি। রোববার হাতি হস্তান্তর অনুষ্ঠান দেখতে সীমান্তবাসী অনেকে জড়ো হন আখাউড়ায়। ‘হেলেনবালাকে’ বরণ করতে হাতির মালিক হাজি আব্দুর রহিম ও মাহুত আব্দুর রাজ্জাক সার্কাসের আরো তিনটি হাতি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১৫০ ঘ.