২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে কারখানার ২২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দূষণের অভিযোগে একটি ডাইং কারখানাকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

নারায়ণগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দূষণের অভিযোগে একটি ডাইং কারখানাকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া দূষণ বন্ধের অঙ্গীকারসহ ৫০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টিও নেওয়া হয়। রোববার দুপুরে উপজেলার ত্রিপুরদী এলাকায় চৈতী কম্পোজিট লিমিটেড ডাইং কারখানায় আকস্মিকভাবে এ অভিযান চালান অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চৈতি কম্পোজিটকে আগামী ২৭ মের মধ্যে ইটিপি কার্যকর করে দূষণ বন্ধের সকল ব্যবস্থা গ্রহণ, আশপাশের জনসাধারণের জমিতে নিঃসৃত বর্জ্য পানি রাসায়নিক প্রক্রিয়ায় পরিশোধন করে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়। জরিমানার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ৫০ লাখ টাকার একটি ব্যাংক গ্যারান্টিও নেয়া হয়েছে। ভবিষ্যতে দূষণের ঘটনা প্রমাণিত হলে উক্ত ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করা হবে। কারখানার পরিচালক (এডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) এম মতিউর রহমান অধিদপ্তরে উপস্থিত হয়ে দূষণের অপরাধ স্বীকার, জরিমানা পরিশোধ এবং দূষণ বন্ধে লিখিত অঙ্গীকারনামা দেন। মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, কোটি কোটি টাকার রপ্তানিকারী প্রতিষ্ঠানের এ মালিকের পরিবেশের প্রতি এমন অবহেলা ক্ষমার অযোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.