দিনাজপুর/শেরপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর ও শেরপুর সীমান্ত দিয়ে শনিবার দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এর আগে দিনাজপুরের বিরামপুর এবং শেরপুরের শ্রীবর্দী সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক হয়।
দিনাজপুর প্রতিনিধি জানান, বিরামপুর সীমান্তে বিএসএফের হাতে নিহত এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে তারা।
শনিবার সন্ধ্যায় এক পতাকা বৈঠকে সাইদুর রহমানের (৪৫) লাশ গ্রহণ করে পুলিশ।
বিরামপুর থানার ওসি নাসিরউদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টায় বিরামপুর সীমান্তের ২৯১ এর সাব-পিলার ২০ এর কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সাইদুর রহমানের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার ভোরে গরু আনতে বিরামপুর সীমান্তের ২৯০ মেইন পিলারের ৩১ সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ’র নিক্ষেপ করা হাতবোমায় আহত হন সাইদুর।
পরে তাদের গুলিতে সাইদুর রহমান নিহত হন।
শেরপুর প্রতিনিধি জানান, শনিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার খাড়ামুড়া সীমান্তে পতাকা বৈঠকের পর এক বাংলাদেশি নাগরিকের লাশ বিজিবি গ্রহণ করে।
নিহত আব্দুস সামাদ (৪৫) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর গ্রামের ওসমান মণ্ডলের ছেলে। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ২৭ ব্যাটালিয়নের অপারেশন কমান্ডার মেজর শাহেদ মেহের বলেন, ভারতের পুরাখাসিয়া এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় আব্দুস সামাদের।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা আরো বলেন, মানসিক ভারসাম্যহীন আব্দুস সামাদ ১৪ মে থেকে সে নিখোঁজ ছিলেন।
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ২৭ ব্যাটালিয়ানের নকশি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মতিউর রহমান এবং বিএসএফে’র পক্ষে ১১৪ ব্যাটালিয়ানের পুরাখাসিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পিএস কুমার নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২৫৪ ঘ.
bdnews24