ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে এক বৃদ্ধ আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এস কে দাস লেনে এ ঘটনা ঘটে।
আহতের নাম মো. বাবুল মিয়া (৬৫)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
বাবুল মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে তিন সন্ত্রাসী তার পথরোধ করে জানতে চায়, ‘সামাদকে টাকা দিতে তিনি নিষেধ করেছেন কেন?’। এর পরই সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, “তাদের (সন্ত্রাসীদের) কথা আমি কিছুই বুঝিনি। আর সামাদ নামে কাউকে আমি চিনি না।”
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুল মিয়ার বাম পায়ে ও বাম উরুতে দুটি গুলি লেগেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২২২২ ঘ.
bdnews24