নারায়ণগঞ্জ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে রেলওয়ের জমি থেকে উচ্ছেদ ব্যক্তিদের পুনর্বাসন এবং ওই জমি রক্ষার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের এ সমাবেশে রেলের জমি থেকে স¤প্রতি উচ্ছেদকৃতদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
গত ১২ মে নারায়ণগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশের জমির কলোনি থেকে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই বাসিন্দাদের উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ। ওই সময় পুলিশ সাধারণ মানুষের উপর নির্যাতন চালায় বলে সমাবেশে অভিযোগ করেন বক্তারা।
তারা বলেন, উচ্ছেদের যারা প্রতিবাদ করেছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এখন এই জমি একটি বিশেষ মহল দখলের পাঁয়তারা চালাচ্ছে।
রেলের জমির প্রকৃত মালিক নারায়ণগঞ্জবাসী উল্লেখ করে নেতারা সেই জমি সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবি নেতা দুলাল সাহা, বাসদ নেতা নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির নেতা হিমাংশু সাহা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ন্যাপ নেতা আওলাদ হোসেন, শ্রমিক নেতা মাহাবুবুর রহমান ইসমাইল, গণসংহতির তরিকুল সুজন, নারীনেত্রী অধ্যাপিকা রাশিদা আক্তার, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৪৮ ঘ.
bdnews24