নরসিংদী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী একটি ছিনতাই হওয়া কাভার্ড ভ্যান থেকে সোমবার রাতে চালক ও সহকারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদী সদরের মাধবদী সংলগ্ন ভাঙ্গামিল এলাকায় মহাসড়কে এই ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতরা হলেন চালক মো. শাহ আলম (২৬) এবং সহকারী সাইফুল ইসলাম (২৮)। শাহ আলম চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড়ের শামসুল হকের এবং সাইফুল উত্তর সোনাপাহাড়ের সাহাব মিয়ার ছেলে।
নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার (১১ মে) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের তুলা নিয়ে কাভার্ড ভ্যানটি ময়মনসিংহের ভালুকা পেট্রোজেনিক স্পিনিং মিলের উদ্দেশে রওনা হয়।
ভ্যানটি যথাসময়ে গন্তব্যে না পৌছায় চট্টগ্রামের ডবলমুরিংয়ের মেসার্স হাজী ইদু মিয়া ট্রান্সফোর্ট’র সহকারী ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম চট্টগ্রাম বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার পরিত্যক্ত ওই কাভার্ড ভ্যান থেকে পচা গন্ধ বের হলে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ভ্যানটির চালকের সিটের নিচ থেকে লাশ দু’টি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিকালে চালকের ভাই মামুন নিহতদের পরিচয়পত্রসহ এসে তাদের লাশ শনাক্ত এবং লাশ গ্রহণ করেন।
তুলা লুট করে কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24