ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় এলাকায় অবস্থান নিয়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।
বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিকে এগোতে থাকলে প্রেসক্লাব, পল্টন পুলিশ বক্স ও সচিবালয় ফটকে পুলিশ তাদের বাধা দেয়।
সচিবালয় এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সুফিয়ান জানান, দুই শতাধিক পুলিশ বিভিন্ন পয়েন্টে মিছিলে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কিও হয়।
এ সময় পুলিশ সাংবাদিকদের একটি মিছিল আটকে দিলেও আরেকদল সাংবাদিক মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকে পৌঁছে বিক্ষোভ করেন বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল তালুকদার।
পুলিশের ঘেরাওয়ের মধ্যে থেকে সাংবাদিকরা এ সময় শ্লোগান দেন- ‘সাগর রুনির খুনিদের গ্রেপ্তার কর, ধরতে হবে।’
এরপর সাংবাদিকরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রায় ২৫ মিনিট অবস্থান শেষে সমাবেশ করেন।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু সমাবেশে বলেন, “পুলিশের বাধা অনভিপ্রেত। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব।”
পুলিশি বাধার নিন্দা জানিয়ে সাংবাদিক নেতা প্যাট্রিক ডি কস্তা বলেন, “খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক।”
এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজমুল হক সৈকত অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে উদাসীন।”
ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ডাকে এই কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্বাসের ভিত্তিতে ৫ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করেছিল সাংবাদিক সংগঠনগুলো। ওই সময় বলা হয়েছিল, ৫ মের মধ্যে এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে ৬ মে থেকে আবার আন্দোলন শুরু হবে।
তবে ৬ মে বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘অবস্থান কর্মসূচি’ স্থগিত করে তা ১৫ মে পালনের সিদ্ধান্ত হয়।
গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন রুনির ভাই।
কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় আদালতের নির্দেশে গত ১৮ এপ্রিল মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের হাত থেকে র্যাবকে দেওয়া হয়।
তদন্তের দায়িত্ব নেওয়ার পর গত ২৬ এপ্রিল ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার জন্য কবর থেকে সাগর-রুনির লাশ তোলে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরআরডি/জেকে/১৩২২ ঘ.
bdnews24