মাদারীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যামামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।
ঘটনার প্রায় এক যুগ পর সোমবার আদালতের দেওয়া রায়ে নিহত ব্যক্তি হাফেজ চোকদারের স্ত্রী সীমা আক্তারকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামী হাফেজকে সীমা তার প্রেমিকের মাধ্যমে হত্যা করান বলে আদালত প্রমাণ পাওয়ায় তাকেও সাজা দেওয়া হয়েছে।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র শিকদারের দেওয়া রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- শিবচর উপজেলার দক্ষিণ ক্রোকচর গ্রামের লিয়াকত বেলদার, ফেরদাউস খন্দকার, আলম ও সোনা মিয়া।
মাদারীপুর সদর উপজেরার ছিলারচর গ্রামের হালান চোকদারের ছেলে হাফেজকে ২০০০ সালের ১৪ সেপ্টেম্বর তার শ্বশুরবাড়ি শিবচরের দক্ষিণ ক্রোকচর গ্রামে হত্যা করা হয়।
মামলার বিবরণীতে দেখা যায়, হাফেজ শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে সীমা তার দীর্ঘদিনের প্রেমিক লিয়াকতকে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করে।
“লিয়াকত ও তার তিন সহযোগী ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নৌকা ভ্রমণের কথা বলে হাফেজকে আড়িয়াল খাঁ নদীতে নিয়ে যায়। তারপর শ্বাসরোধে হত্যা করে লাশ বালির বস্তায় বেঁধে নদীতে ডুবিয়ে দেয়।”
ঘটনার ৪/৫ দিন পরে স্থানীয়রা সন্দেহবশত ফেরদাউসকে পিটুনি দিলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তা জবানবন্দি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পর হালান চোকদার ২১ সেপ্টেম্বর শিবচর থানায় একটি হত্যা মামলা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুজিত চ্যাটার্জী বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ফেরদাউস ছাড়া অন্য তিন জন পলাতক। সীমা জামিনে মুক্ত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে হাফেজের মা ফিরোজা বেগম আদালত প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দুনিয়ায় আমার এখন একটাই চাওয়া, আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি কার্যকর যাতে হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১৩৫ ঘ.
bdnews24