চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ধর্ষণের অভিযোগে এক আনসার ও ভিডিপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টায় আনসার সদস্য মো. মোবাশ্বের আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম।
মোবাশ্বের (৪০) ডেপুটেশনে চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় থানার সাত নম্বর রোডের বাদশা মিয়ার কলোনির বাসিন্দা এক রিকশাচালকের আট বছরের মেয়ে ধর্ষিত হয়। বাবা-মা কর্মক্ষেত্রে চলে যাওয়ায় মেয়েটি ঘরে একা ছিল।
ওসি আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিকশাচালকের মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় মোবাশ্বেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/০০৫৫ ঘ.
bdnews24