২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ কেলেঙ্কারিফারুক ইউসুফ এনামুলকে দুদকের নোটিস

“প্রাথমিক তদন্তে জানা গেছে, এদের জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তি রয়েছে,” বলেছেন দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির ঘটনায় সংশ্লিষ্ট সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ওমর ফারুক, পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মৃধা এবং রেল পুলিশের ঢাকার কমান্ডেন্ট এনামুল হকের সম্পত্তির হিসাব চেয়ে তাদের চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার এই তিনজনসহ পাঁচ জনের নামে নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার সাহাবুদ্দিন চুপপু। অন্য যে দুজনকে নোটিস পাঠানো হয়েছে তারা হলেন ইউসুফ মৃধার স্ত্রী এবং এনামুলের স্ত্রী। ওই পাঁচজনকেই আগামী সাত কর্মদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সব সম্পত্তির হিসাব কমিশনে দিতে বলা হয়েছে। দুদক কমিশনার সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের প্রথমিক তদন্তে জানা গেছে, এদের জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তি রয়েছে। এজন্য তাদেরকে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে সোমবার নোটিশ পাঠানো হয়েছে।” গত ৯ এপ্রিল ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পর তা নিয়ে দেশে ব্যাপক আলোচনা ওঠে। ওই গাড়িতে ইউসুফ মৃধা ও এনামুল হকও ছিলেন। এই ঘটনায় রেল বিভাগ একটি তদন্ত কমিটি করে, যারা রোববার প্রতিবেদন দিয়েছে। এই অর্থের সঙ্গে মন্ত্রী সুরঞ্জিতের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে এতে বলা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আরো বলা হয়, এপিএস ফারুকের গাড়িতে মোট ৭০ লাখ টাকা ছিল এবং তা ছিল তা নিজের, যা পরে ব্যাংকে ব্যক্তিগত হিসাবে জমা দেন তিনি। আর ইউসুফ মৃধা ও এনামুলের সঙ্গে টাকার কোনো সংশ্লিষ্টতা ছিল না। অর্থ কেলেঙ্কারির ঘটনার পর ইউসুফ মৃধা ও এনামুলকে সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক। পরে এই ঘটনার দায় নিয়ে মন্ত্রিত্বও ছাড়েন সুরঞ্জিত, পরে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক শুরু থেকে বলে আসছিলেন, গাড়িতে পাওয়া অর্থ তার নিজের; যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। ইউসুফ মৃধার বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে আসছিল রেলকর্মচারীরা। অর্থ কেলেঙ্কারির এই ঘটনা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু সাইদের নেতৃত্বে দুই সদস্যের একটি দল তদন্ত করছে। কমিটি গত ১৮ এপ্রিল ফারুক, ইউসুফ মৃধা ও এনামুলকে জিজ্ঞাসাবাদও করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯৩৬ ঘ.