২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেলের তদন্ত রিপোর্ট গোপন রাখব না’

সহকারী অর্থ কেলেঙ্কারি তদন্তে গঠিত কমিটির এখতিয়ারে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার বিষয়টি ছিল না বলেও জানালেন ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারীর অর্থ কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। রেলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাদের সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, তদন্ত প্রতিবেদন এখনো তিনি দেখেননি। দেখার পরই এই বিষয়ে তিনি কথা বলবেন। “সচিব প্রতিবেদনটি আমাকে দেওয়ার পরই তা গণমাধ্যমকে জানানো হবে। এ বিষয়ে কোনো কিছু গোপন করা হবে না,” যোগ করেন তিনি। সুরঞ্জিতের সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলে রেল মন্ত্রণালয় ঘটনা তদন্তে একটি কমিটি করে। রেলের মহাপরিচালক আবু তাহের নেতৃত্বাধীন ওই কমিটি রোববার তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেয়। আবু তাহের সাংবাদিকদের বলেছিলেন, “এ ঘটনার সাথে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।” মন্ত্রীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখার এখতিয়ার কমিটির ছিল কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “তদন্ত কমিটির টার্মস অ্যান্ড কন্ডিশনে মন্ত্রীর বিষয়ে কোনো তদন্ত করার বিষয় ছিল না।” গত ৯ এপ্রিল রাতে ঢাকার জিগাতলায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিতের এপিএসের গাড়িতে টাকা পাওয়া যায়। ওই গাড়িতে রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও ঢাকার কমান্ডেন্ট এনামুল হকও ছিলেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এপিএস ফারুকের গাড়িতে মোট ৭০ লাখ টাকা ছিল এবং তা ছিল তা নিজের, যা পরে ব্যাংকে ব্যক্তিগত হিসাবে জমা দেন তিনি। আর ইউসুফ মৃধা ও এনামুলের সঙ্গে টাকার কোনো সংশ্লিষ্টতা ছিল না। অর্থ কেলেঙ্কারির ঘটনার পর ইউসুফ মৃধা ও এনামুলকে সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক। পরে এই ঘটনার দায় নিয়ে মন্ত্রিত্বও ছাড়েন সুরঞ্জিত, পরে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক শুরু থেকে বলে আসছিলেন, গাড়িতে পাওয়া অর্থ তার নিজের; যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফারুকের গাড়িচালক আলী আজমই হঠাৎ করে গাড়িটি বিজিরি ফটকে ঢুকিয়ে দেয় এবং এর ফলেই টাকার বিষয়টি প্রকাশ্য হয়। তবে ওই ঘটনার পর থেকে আজমের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তারা সাময়িক আটক রাখলেও পরে তাকে ছেড়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮০০ ঘ.