আবুল হোসেন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট মাস পর দেশে ফিরে গাজীপুরের নুহাশ পল্লীতে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ, যাকে সপ্তাহ তিনেকের মধ্যে আবার নিউইয়র্কে যেতে হবে, ক্যান্সারের অস্ত্রোপচারের জন্য।
শুক্রবার ভোরে নিউ ইয়র্ক থেকে স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিষাদ ও নিনিতের সঙ্গে দেশে ফেরেন হুমায়ূন। বিমানবন্দর থেকেই সরাসরি নুহাশ পল্লীতে চলে যান তারা।
একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কারজয়ী এই ঔপন্যাসিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “সবচেয়ে বেশি যেটা মিস করেছি সেটা হল নুহাশ পল্লী। সেখানে যে বাগানটা আছে, যে গাছগুলো আছে, ওগুলো মিস করেছি। তারপর মিস করেছি আমার বন্ধুদেরকে। মিস করেছি আমার মা এবং আত্মীয়-স্বজন যারা আছে তাদের।”
অতি প্রিয় এই নুহাশ পল্লীতে হুমায়ূন সঙ্গ পাচ্ছেন প্রিয় মানুষদেরও। তার সঙ্গে আছেন মা আয়েশা ফয়েজ, বোন সুফিয়া হায়দার ও মমতাজ শহীদ, শাশুড়ি তহুরা আলী, বন্ধু স্থপতি ফজলুল করিম এবং ব্যক্তিগত চিকিৎসক এম এ করিম।
ছেলেকে কাছে পেয়ে দারুণ খুশি মা আয়শা ফয়েজ। তিনি জানান, হুমায়ূনরা নিউ ইয়র্কে যাওয়ার পর থেকে শাওনের সঙ্গে টেলিফোনে প্রায়ই কথা হতো। এখন ছেলের সঙ্গে সামনাসামনি কথা বলতে পেরে ভালো লাগছে।
“আল্লাহ যেন আমার জীবনের বিনিময়ে হলেও ছেলেটাকে সুস্থ করে দেন।”
সকাল সাড়ে ৮টার দিকে নুহাশ পল্লীতে পৌঁছে প্রথমেই মাকে সালাম করেন হুমায়ূন। এরপর কিছুক্ষণ বাগানে ঘুরে আর মাছ ধরা দেখে বিশ্রামে যান। তবে সাংবাদিকদের সঙ্গে এ সময় তিনি কোনো কথা বলেননি।
হুমায়ূনের চিকিৎসক এমএ করিম সাংবাদিকদের বলেন, “দীর্ঘপথ ভ্রমণের কারণে হুমায়ুন বিশ্রামে রয়েছেন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে চিকিৎসকদের নিষেধাজ্ঞা রয়েছে।”
কবি নজরুল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সুফিয়া হায়দার বলেন, “ও মানুষের কষ্ট সহ্য করতে পারে না। হাসপাতালে থাকাটা ওর খুব অপছন্দ। আত্মীয়রা কেউ হাসপাতালে ভর্তি থাকলেও দেখতে যেত না। না খেয়ে থাকার কষ্টও সহ্য করতে পারে না ও। অথচ এখন এসবই করতে হচ্ছে।”
তারপরও মানুষের ভালবাসায় হুমায়ূন আবার সেরে উঠবে- এটাই প্রত্যাশা বোন সুফিয়ার।
নুহাশপল্লীতে হুমায়ুনের সঙ্গে দেখা করতে যান প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম ও পরিচালক সিরাজুল কবীর চৌধুরীও।
হুমায়ূনের প্রযোজনা সংস্থা নুহাশ চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউ ইয়র্কে থাকার দিনগুলোতে নিজের লেখা ‘পিঁপড়া’ গল্প অবলম্বনে একটি চিত্রনাট্য তৈরি করে এনেছেন হুমায়ূন। এই নাটকের নাম দিয়েছেন ‘পিপীলিকা’।
আগামী ঈদের আগেই নাটকটির কাজ শেষ করে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জুয়েল রানা।
ক্যান্সারের চিকিৎসার জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর এই প্রথম দেশে ফিরলেন হুমায়ূন। নিউ ইয়র্কে বৃহদান্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচারের আগে সপ্তাহ তিনেক দেশে থাকবেন তিনি।
স্বজনদের সাথে মিলিত হতে দেশে এসেছেন উল্লেখ করে বিমানবন্দরে সাংবাদিকদের হুমায়ূন বলেন, “যদি পুরোপুরি ফিরে আসতাম, তাহলে বলতাম যে খুবই আনন্দ পাচ্ছি। দেশে পা দেওয়া মাত্রই মনে হলো ২০ দিনের মধ্যে একটা দিন চলে গেল, হাতে আছে ১৯ দিন।”
গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাওয়ার পর মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর গত সপ্তাহে তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন চিকিৎসকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৬০৮ ঘ.
bdnews24