২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে যাত্রা, ‘অশ্লীল নৃত্য ও জুয়া’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য এবং জুয়া খেলা চালানোর অভিযোগ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

তাজুল ইসলাম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাইবান্ধা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য এবং জুয়া খেলা চালানোর অভিযোগ করেছে এলাকাবাসী। খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে সোমবার ১০ দিনের এ যাত্রা শুরু হয়। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা। ঢোলভাঙ্গা গ্রামের নয়ন মিয়া বলেন, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাতীয় পার্টি নেতা আলম প্রধান এবং আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের নেতৃত্বে এসব চালানো চালাচ্ছে। ঢোলভাঙ্গা বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, কলেজ মাঠে যাত্রা চালানোর অনুমতি না দেওয়ার জন্য এলাকার শতাধিক লোক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছে। কিন্তু কোনো কাজ হয়নি। ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সারোয়ার রাব্বী বলেন, কলেজ মাঠে যাত্রা চালাতে বাধা দিয়েও কোনো কাজ হয়নি। কারণ স্থানীয় প্রভাবশালীরা এটি চালাচ্ছেন। যাত্রার কারণে কলেজ বন্ধ দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, তবে কলেজের ছাত্রছাত্রীদের উপর এর প্রভাব পড়বে। সাদুল্লাপুর উপজেলা সদরের সংস্কৃতিকর্মী জিল্লুর রহমান মণ্ডল পলাশ বলেন, “যাত্রা একটি শিল্প। তাই গত মঙ্গলবার রাতে দেখতে গিয়েছিলাম। কিন্তু অশ্লীল নৃত্য শুরুর পর বের হয়ে এসেছি। এসব দৃশ্য দেখাও লজ্জার।” এ ব্যাপারে চেয়ারম্যান আলম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢোলভাঙ্গা বিদ্যালয় ও কলেজের সভাপতি। স্থানীয় আয়োজনকারীদের চাপে কলেজ মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এর সঙ্গে আমি জড়িত নই।” আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ এ যাত্রা চালাচ্ছেন বলে তিনি দাবি করেন। আব্দুর রশিদ যাত্রা বলেন, “মানুষের বিনোদনের জন্য প্রশাসনের কাছ থেকে ১০ দিন যাত্রা চালানোর অনুমতি নিয়েছি।” অশ্লীল নৃত্য চালানোর অভিযোগ তিনি অস্বীকার করেন। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, শিগগিরই যাত্রা বন্ধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫২ ঘ.