কিশোরগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত দায়রা জজ মো. সায়েদুর রহমান এ রায় দেন।
দণ্ডিত আল আমিনের (২৫) বাড়ি কিশোরগঞ্জ সদরের মধ্যপাড়া গ্রামে।
মামলার নথি থেকে জানা যায়, আল আমিন প্রায়ই একটি মেয়েকে উত্ত্যক্ত করত। মেয়েটির মামা শহীদুল ইসলাম এর প্রতিবাদ করেও কোনো ফল পাননি। এরপর তিনি বিষয়টি গ্রামের মাতব্বরদের জানান।
এর জেরে আল আমিন ২০০৬ সালের ১৩ জুন রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের রশিদাবাদ বিশ্বরোড মোড়ে দুই সঙ্গীসহ মিলে শহীদুলকে ছুরিকাঘাতে হত্যা করে।
পরদিন শহীদুলের চাচাত ভাই বকুল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৩০ ঘ.
bdnews24