২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবে ব্যবসায়ী নিহত

মাওয়া-কাওরাকান্দি নৌপথে পদ্মা নদীতে একটি ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 04:52 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

মাদারীপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওরাকান্দি নৌপথে পদ্মা নদীতে একটি ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। নিহত জয়ন্ত কুমার দাস খুলনা নিউমার্কেটে প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন। স্পিডবোট ও ফেরি চালকের বরাত দিয়ে শিবচর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, স্পিডবোটটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাঁঠালবাড়ি ঘাট থেকে ১৩ জন যাত্রী নিয়ে কাওরাকান্দির দিকে রওনা হয়। “কিন্তু মাঝ পদ্মায় হঠাৎ বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় কাওরাকান্দিগামী ফেরি ‘কিশোরী’ স্পিডবোটটিকে পেছন থেকে ধাক্কা দিলে আরোহীরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।” ওসি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। তাদের মধ্যে জয়ন্ত হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকিদের মধ্যে তাপস রায়, মামুন চৌধুরী, ফারুক মাতবরকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়ন্তর লাশ মাদাররিপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফেরি কিশোরীর মাস্টার আবদুর রহমান বলেন, “স্পিডবোট ফেরির সামনে এসে থেমে যাওয়ায় আমরা পেছনে যাওয়ার চেষ্টা করেছিলাম। এ সময় যাত্রীরা ভয়ে নদীতে লাফিয়ে পড়েন।” ঘাট কর্মকর্তরা জানান, রাতের বেলা এই নৌপথ দিয়ে লঞ্চ, স্পিডবোট চলাচল নিষিদ্ধ হলেও অবৈধভাবে এসব নৌযান চলাচল করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১০৪৫ ঘ.