২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অডিট আইন উঠছে বাজেট অধিবেশনে

সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আলোচিত ‘অডিট আইন’ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আলোচিত ‘অডিট আইন’ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক গোলটেবিল আলোচনায় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দীন খান আলমগীর এ কথা জানান। তিনি বলেন, “সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে ‘অডিট আইন’ খুবই জরুরি হয়ে পড়েছে। আর এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার আইনটি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আগামী বাজেট অধিবেশনেই বহুল আলোচিত এই আইনটি সংসদে উপস্থাপন করা হবে।” তিনি বলেন “দেশে এ বিষয়ক এটিই হবে প্রথম আইন।” আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট তুলে ধরবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্রিটিশ হাই কমিশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) সরকারি তহবিলের স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এ গোলটেবিলের আয়োজন করে। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের মহা-হিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম বলেন, “গণমাধ্যমের দায়িত্বশীল প্রতিবেদন এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি কার্যকর ও জনবান্ধব করবে। আর অডিট আইন সরকারের এ সংস্থার কার্যক্রমকে আরও বিশ্বাসযোগ্য করবে।” আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, সরকারি কার্যক্রম পর্যবেক্ষণে গণমাধ্যমের দুই ধরনের ভূমিকা পালন করতে হয়। প্রথমত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা, দ্বিতীয়ত পেশাগত ও নীতিগত দিক বিবেচনা করে দুর্নীতি বিষয়ক অনুসন্ধান ও তার প্রতিবেদন প্রকাশ করা। আয়োজক প্রতিষ্ঠান এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, গণমাধ্যম ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ সরকারি তহবিল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিরাও ভূমিকা রাখতে পারেন। বৈঠকে অন্যদের মধ্যে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ডি. নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান প্রমুখ আলোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২২৩৯ ঘ.