বাগেরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট পৌর মেয়রকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শনিবার এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের পাঁচটি সিম কার্ড এবং একটি ফোন সেট উদ্ধার করা হয়।
জেলা শহরের বাজার এলাকা থেকে গ্রেপ্তার জুয়েল ফকির (২৪) বাগেরহাট সরকারি পিসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান øাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রত্যাশী গ্রামের হারুণ ফকিরের ছেলে।
জুয়েল রিকশা চালিয়ে লেখাপড়ার খরচ যোগাড় করেন বলে পুলিশকে জানিয়েছেন।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ এপ্রিল রাতে গ্রামীণফোনের একটি নম্বর থেকে (জুয়েলের কাছে ওই সিম পাওয়া গেছে) দু’টি পৃথক মেসেজ পাঠিয়ে বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানকে হুমকি দেওয়া হয়।
মেসেজ দু’টিতে লেখা ছিল- ‘ভালো হতে পয়সা লাগে না’, ‘হাবিবুর ভালো হয়ে যা, নাহলে মরে যাবি তাড়াতাড়ি’।
পরদিন মেয়র বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি বলেন, জুয়েলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে গ্রামীণফোনের দু’টি, টেলিটকের একটি ও বাংলালিংকের দু’টি সিম কার্ড পাওয়া গেছে। তবে হুমকির ব্যাপারে মুখ খুলছেন না।
ওসি মোয়াজ্জেম হোসেন আরো বলেন, জুয়েলের সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা খুঁজে পায়নি পুলিশ। অপরাধী ব্যক্তিদের তালিকায়ও তার নাম নেই। তবে এ ধরনের বার্তা পাঠানো এবং পাঁচটি সিমকার্ড ব্যবহারের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯১৬ ঘ.
bdnews24