২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে জাবি শিক্ষকদের বৈঠক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ডেকে তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ডেকে তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। ‘শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকদের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে আসছে ‘শিক্ষক সমাজ’। একই দাবিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এবং সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেছে। বুধবার তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অনশনে যোগ দেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোমা মুমতাজ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা সুলতানা। ১১ দফা দাবিতে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’র নেতা কর্মীদের আন্দোলন চলাকালে গত শনিবার তাদের মারধর করে উপাচার্যপন্থী ছাত্রলীগের নেতারা। এতে সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ ও সহসভাপতি মঈন মুনতাসিরসহ ৭ জন আহত হন। ওই ঘটনায় গত রোববার দুপুরে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’র ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরপর সংবাদ সম্মেলন করে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে এবং হামলাকারী ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তার ও বহিষ্কার দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১২৫০ ঘ.