ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- পর্যটকদের টানতে সমুদ্র সৈকতকে কেন্দ্র করে গড়ে ওঠা কুয়াকাটা শহরতলীর উন্নয়ন এবং এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে কক্সবাজার ও কুয়াকাটা পর্যটনকেন্দ্র বিষয়ক মহা পরিকল্পনা উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন।
উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পর্যটন নগরীতে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যাতে এর প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন থাকে এবং সেখানকার জীব বৈচিত্র্যের ভারসাম্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া পর্যটকদের জন্য খাবার, পানীয়, টয়লেট ও শাওয়ারসহ বিভিন্ন সুবিধার প্রতি নজর রাখতেও নির্দেশ দেন শেখ হাসিনা।
আবুল কালাম আজাদ জানান, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যবেক্ষণে পর্যটকরা যাতে কোনো ধরনের অসুবিধার মুখে না পড়েন সেজন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ যথাযথ ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী।
এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ ফেব্র“য়ারি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অ্যাক্ট-২০১২ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৬৪৩ ঘ.
bdnews24