চাঁদপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে চাচাত বোনকে ধর্ষণ ও হত্যার মামলায় আটক সেনা সদস্য সোহাগ হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
এদিকে ঘটনার চার দিন পরও নিখোঁজ নূপুরের কোনো সন্ধান পাওয়া যায়নি। সোহাগের বিরুদ্ধে অভিযোগ, নূপুরকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অন্যদিকে সোহাগের দাবি, নূপুর হঠাৎই মেঘনায় ঝাঁপিয়ে পড়েছে।
সোহাগ (২৩) বগুড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং পটুয়াখালীর বাউফল উপজেলার টিনু হাওলাদারের ছেলে। তিনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রী নূপুর আক্তারের (১৬) চাচাত ভাই। নূপুর পূর্ব ইন্দুপুর চৌমুহনী বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, শুক্রবার পটুয়াখালীর হুলারহাট লঞ্চঘাট থেকে সোহাগের সঙ্গে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়ে নূপুর। এই ঘটনায় নূপুরের মা নাসিমা বেগম বাদি হয়ে শনিবার রাতে সোহাগের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। লঞ্চের কেবিনে ধর্ষণ শেষে মেয়েটিকে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ করা হয় ওই মামলায়।
সোহাগের দাবি, শুক্রবার পটুয়াখালীর হুলারহাট লঞ্চঘাট থেকে এমভি জাহিদ-৪ লঞ্চে করে নূপুরকে নিয়ে তিনি ঢাকা যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে চাঁদপুরে মেঘনা মোহনার কাছাকাছি পৌঁছলে নূপুর নদীতে ঝাঁপ দেয়।
তবে ঝাঁপ দেওয়ার কারণ বলতে পারেননি সোহাগ। লঞ্চটি ওই রাত ২টায় চাঁদপুর লঞ্চঘাটে এসে ভিড়লে সোহাগ সবাইকে ঘটনা জানালে পুলিশ তাকে আটক করে।
আদালত পরিদর্শক মো. হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম চমন আরা চৌধুরীর আদালতে সোহাগের রিমান্ড শুনানি হয়। পুলিশ পাঁচ দিনের হেফাজতে চাইলেও আদালত দু’দিন মঞ্জুর করেন।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া বলেন, নূপুরের সন্ধানে মেঘনা নদীতে নৌ-পুলিশ ফাঁড়ি ও দমকলকর্মীরা সোমবারও অভিযান চালিয়েছে। কিন্তু চার দিনেও নূপুরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৭০৬ ঘ.
bdnews24