২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দ্বিতীয়দফায় বিএনপির ডাকা হরতালের দ্বিতীয়দিন চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দ্বিতীয়দফায় বিএনপির ডাকা হরতালের দ্বিতীয়দিন চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নগরীর বিভিন্ন সড়কে পিকেটারদের কম উপস্থিতি এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার সকাল থেকে হরতাল শুরু হয়। সকাল থেকে নগরীর কোথাও কোন গাড়ি ভাংচুর বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। সোমবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন। বিএনপি নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে সমাবেশ ও থেমে থেমে হরতালের সমর্থনে শ্লোগান দেন। নাসিমন ভবন ছাড়া অন্য কোথাও বিএনপি নেতাকর্মীদের সংগঠিতভাবে অবস্থান নিতে দেখা যায়নি। দ্বিতীয়দিনের হরতালেও প্রথমদিনের মতো যানবাহন চলাচল কম রয়েছে। রিকশা-অটো রিকশা-টেম্পু এবং কোথাও কোথাও বাস-ট্রাক চলতে দেখা গেছে। নগরীর কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা হয়নি, অফিস আদালত, ব্যাংকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকলেও কার্যক্রম চলছে সীমিত আকারে। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানো চললেও পরিবহন হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২২৩ ঘ.