চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণা দিয়ে আনা দুই কন্টেইনার টেলিভিশন ও মোবাইল ফোন সেট আটক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
অ্যাডহেসিভ পেপার লেবেলের (স্টিকার সদৃশ কাগজ) ঘোষণা দিয়ে এসব আমদানি করা হয়েছিল।
রোববার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার দুটির কায়িক পরীক্ষা শেষে চট্টগ্রাম কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা বিষয়টি উদঘাটন করেন।
কন্টেইনার দুটিতে ৭৯০ কার্টন অ্যাডহেসিভ পেপার লেবেলের বদলে পাওয়া যায় মালয়েশিয়ান শার্প ব্র্যান্ডের ৯২০টি এলইডি ও এলসিডি টিভি, বিপুল পরিমাণ মোবাইল ফোন, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) সাত নম্বর সেকশনে অবস্থিত এইচ ইউ এক্সেসরিজ নামে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর থেকে এসব পণ্য আমদানি করে। প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নগরীর আগ্রাবাদ এলাকার জে আর টি সিঅ্যান্ডএফ লিমিটেড।
কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এইচ ইউ এক্সেসরিজের কন্টেইনার দুটি গত ২৩ এপ্রিল বন্দরের চার নম্বর গেইট দিয়ে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। রোববার এর কায়িক পরীক্ষায় অ্যাডহেসিভ পেপার লেবেলের পরিবর্তে এসব পণ্য পাওয়া যায়।
সরকারি রাজস্ব ফাঁকি দিতে প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করেছে বলেও জানান কাস্টমস কর্মকর্ত ফারুক।
উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় তিনকোটি টাকা। এতে প্রায় সোয়া কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করে আমদানিকারক প্রতিষ্ঠান।
এই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৩১ ঘ.
bdnews24