২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাঘের জন্য নিরাপদ আবাস গুরুত্বপূর্ণ’

সুন্দরবনকে বাঘের জন্য আরো নিরাপদ আবাস হিসেবে গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনকে বাঘের জন্য আরো নিরাপদ আবাস হিসেবে গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রোববার ‘সায়েন্টিফিক মনিটরিং অফ টাইগারস ইন দ্য সুন্দরবনস অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, বাঘ ও মানুষের সংঘর্ষ এড়াতে সুন্দরবনকে বাঘের জন্য আরো নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলতে হবে। আগারগাঁও বন ভবনে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ বাংলাদেশ ও বন বিভাগ যৌথভাবে দুই দিনব্যাপী এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে, রোববার ছিল এর উদ্বোধনী দিন। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশেরই জাতীয় পশু বাঘের সবচেয়ে বড় আবাস হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। তাই এ বনকে বাঘের জন্য নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলতে হবে। সুন্দরবনে বাঘের জন্য বাংলাদেশ ও ভারতের একটি যৌথ মনিটরিং প্রোটোকল তৈরি এ বৈঠকের অন্যতম উদ্দেশ্য। অন্যদের মধ্যে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ড. জন গুডরিচ, জ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের ড. লিন্ডা কার্লি, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্মিথ, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার অধ্যাপক যাদভেন্দ্রদেব ঝালা অধ্যাপক কামার কোরেশী প্রমুখ বৈঠকে বক্তব্য দেন। ওয়াল্ডলাইফ ট্রাস্ট অফ বাংলাদেশ’র প্রধান নির্বাহী ড. মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী। বিডিনিউজজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/এএল/১৯২০ ঘ.