ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লটের জন্য সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী ক্যাটাগরিতে আবেদনকারীদের মধ্যে প্লট বরাদ্দের লটারি হয়েছে।
প্রতিটি ক্যাটাগরিতে ১০টি করে মোট ৬০টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব ক্যাটাগরির বাকি প্লট আলোচনার মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।
সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার সকালে এসব ক্যাটাগরিতে প্লট বরাদ্দের লটারি হয়।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান লটারি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদা উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান খান জানান, ঝিলমিল প্রকল্পে পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ায় এ মুহূর্তে বেশি সংখ্যক প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এ প্রকল্পের পরিধি আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এতে আরো প্লট বাড়িয়ে তা বিতরণ করা হবে।
এদিকে স্বায়ত্বশাসিত সংস্থার চাকরিজীবীর জন্য ৬০টি, প্রথম থেকে তৃতীয় গ্রেডের সরকারি চাকরিজীবীর জন্য ১০০টি এবং চতুর্থ থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীর জন্য ৫০টি প্লটের আবেদনকারীদের প্লট বরাদ্দের লটারি হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
এই ২১০টি প্লটসহ মোট ৫১০টি প্লটের জন্য শিগগিরই লটারি হবে।
এর আগে গত ১১ এপ্রিল ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম দফার লটারিতে ৫২০টি প্লট বরাদ্দ দেওয়া হয়।
এতে মুক্তিযোদ্ধা, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, ব্যবসায়ী ও শিল্পপতি, বেসরকারি চাকরিজীবী, বেসরকারি শিক্ষক, শিল্প ও সাহিত্যিক এবং দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয়।
বর্তমানে ঝিলমিল প্রকল্পের মোট প্লটের সংখ্যা এক হাজার ৪৮৫টি। এর মধ্যে বর্তমান সরকার আসার আগে জমা পড়া আবেদন থেকে ৩৮৫টি প্লটের বরাদ্দ এ সরকার দায়িত্ব নেওয়ার পর দেওয়া হয়।
বর্তমান সরকার আসার পর গত বছরের ১ জুন থেকে এক হাজার ৯০টি প্লটের জন্য আবেদন নেওয়া শুরু হয়। ওই বছরের ১০ অক্টোবর আবেদন নেওয়া শেষ হয়। এতে মোট ৩৫ হাজার ৪১৫টি আবেদন পড়ে। এর মধ্যে ২৯ হাজার ৯৩৮টি আবেদন সঠিক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭৩৯ ঘ.
bdnews24