সিলেট, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা প্রথম দফা হরতালে উত্তাপ ছড়ালেও দ্বিতীয় দফার প্রথম দিন সিলেটে তেমন কোনো গোলযোগ হয়নি। এদিন নির্দিষ্ট এলাকায় মিছিল-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল হরতাল সমর্থকদের কার্যক্রম।
সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে চলেছে রিকশা ও হালকা যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যান চলাচল। সিলেট থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, নির্ধারিত সময়ে সিলেট থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে।
সকাল পৌনে ৯ টায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীরতে মিছিল বের করা হয়। নগরীর জেল রোড থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর পর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আরেকটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আগের দফায় হরতালে পুলিশ মিছিল করতে বাধা দিলেও এবার তা দেখা যায়নি।
বিকেলে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ করে জেলা ও মহনগর বিএনপি। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহনগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী।
সমাবেশে বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে’ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
হরতাল চলাকালে নগরীর আম্বরখানা, চৌহাট্রা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সিটি পয়েন্টসহ নগরীর সব কটি সবকটি পয়েন্টে মোতায়ন করা হয় অতিরিক্ত পুলিশ। পাশাপাশি ছিলো বিজিবির টহল। এ ছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছেন।
প্রথম দফা হরতালে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপি ও গ্রামবাসীর সংঘর্ষে তিন জন নিহত হয়। এ ঘটনায় দুটি মামলায় ৮ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।
রোববার বিশ্বনাথে বিএনপি নেতাকর্মীদের রাস্থায় দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনার অশঙ্কায় সেখানে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, “রোববার সিলেটে কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোব ও সোমবারও একই কর্মসূচি দেওয়া হয়। এর আগে ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে স্থানীয় বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০১ ঘ.
bdnews24