ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল করার ওপর অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টে করা রিট আবেদনের শুনানি হরতালের কারণে হয়নি।
বৃহস্পতিবার করা এই আবেদন রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চের কার্যতালিকায় এসেছে।
তবে হরতালের দিনে সাধারণত হাই কোর্টে বিচারকাজ হতে দেখা যায় না। বিএনপির ডাকা রোববারের হরতালেও চিত্র ছিল একই।
রিট আবেদনকারী মো. ইউনূস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতিরা এজলাসে বসেননি। তাই আমার আবেদনটি কার্যতালিকায় এলেও শুনানি হয়নি।”
“ভবিষ্যতে যেদিন বিচারপতিদ্বয় এজলাসে বসবেন, সেদিন এই মামলার শুনানি হতে পারে,” বলেন তিনি।
আবেদনপত্র হিসাবে ‘রিট পিটিশন নম্বর-৪৫৮৬/২০১২, ড. মো. ইউনুস আলী আকন্দ বনাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল গং’ শিরোনামে রিট আবেদনটি কার্যতালিকায় এসেছে। কার্যতালিকায় এর ক্রমিক নম্বর ১৮৯।
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের কারণে রিটটির শুনানি আজ হওয়ার সম্ভাবনা নেই।”
রিট আবেদনে ‘বাংলাদেশে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপে বিবাদীদের প্রত্যাখ্যাত কর্মকাণ্ডকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপ না করতে কেন বিবাদিদেরকে নির্দেশ দেওয়া হবে না’, এই রুল চাওয়া হয়েছে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষা সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এতে বিবাদি করা হয়েছে।
ইউনূস আলী আবেদন করার পর সাংবাদিকদের বলেন, “হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে পরীক্ষা দেওয়াও শিক্ষার্থীদের অধিকার। তাদের এ অধিকার থেকে বঞ্চিত করা হবে মৌলিক অধিকারের লঙ্ঘন।”
পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আহ্বান সংবিধানের ১৫, ১৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন বলে দাবি করেন তিনি।
ইউনূস আলীর মেয়ে এবার ভিকারুননিসা নুন স্কুল থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, হরতালের কারণে তাদের কয়েকটি পরীক্ষা পিছিয়েছে।
রোববার হাই কোর্ট বিভাগে কাজ না হলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার কাজ চলেছে। সকালে আপিল বিভাগের বিচারপতিরা এজলাসে আসার পর তিনটি মামলার শুনানি করেন।
সুপ্রিম কোর্টের প্রশাসনিক শাখায়ও কাজ চলেছে। তবে উপস্থিতি ছিল অন্য দিনের চেয়ে কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24