২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পিকেটার-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সারাদেশে বিএনপির ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন রাজশাহী মহানগরীতে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

রাজশাহী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সারাদেশে বিএনপির ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন রাজশাহী মহানগরীতে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচজন আহত হয়েছে। রোববার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এছাড়া হরতালের আগের রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ নগরীর বিভিন্ন থানা থেকে ৩০ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা নাদিম মোস্তফার নেতৃত্বে নেতা-কর্মীরা নগরীর জাদুঘর মোড় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিল শেষে লক্ষ্মীপুর মোড়ে সমাবেশ করার সময় পুলিশ পেছন থেকে তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বিএনপি’র ৫ কর্মী আহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায়, নগরীতে বিশেষ অভিযান চালিয়ে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ৩০ কর্মীকে আটক করা হয়েছে। এরমধ্যে বোয়ালিয়া থানায় ১২, রাজপাড়া থানায় ৫, মতিহার থানায় ১০ ও শাহমখদুম থানায় ৩ জনকে আটক করা হয়েছে। হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যথাসময়েই বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর সোমবারও দিনব্যাপী হরতাল ডেকেছে বিরোধী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৫৭ ঘ.