চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
বৃষ্টির কারণে রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পিকেটারদের তেমন অবস্থান চোখে পড়েনি। নগরীর বিভিন্ন সড়কে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চললেও ভারি যানবাহন চলাচল রয়েছে কম।
তবে মূল সড়কগুলোতে সকাল থেকে থেমে থেমে বাস-ট্রাক চলাচল করতে দেখা গেছে। নগরী থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও সময়সূচি অনুযায়ী রেল চলাচল রয়েছে স্বাভাবিক।
বৃষ্টি কমার পর সকাল ১০টা থেকে বিএনপিকর্মীরা নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। এর আগের হরতালে নগরীর বিভিন্ন পয়েন্টে বিএনপিকর্মীরা অবস্থান নিয়ে পিকেটিং করলেও রোববার এ চিত্র দেখা যায়নি।
বন্দরে পণ্য ওঠানো-নামানোও স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। তবে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
বিভিন্ন স্কুল-কলেজে কোন ক্লাস-পরীক্ষা হয়নি। তবে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) এলাকায় বিভিন্ন শিল্প কারখানায় কাজ চলছে।
এদিকে দেশের সর্ববৃহৎ পাইকারী বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকলেও লেনদেন হচ্ছে খুবই কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১১২৪ ঘ.
bdnews24