২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ঝড়ে দুই স্কুলঘর বিধ্বস্ত

নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে দুটি স্কুলঘর বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 07:18 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নোয়াখালী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে দুটি স্কুলঘর বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার দুপুরের এই ঝড়ে কবির হাট ও সুবর্ণচর উপজেলায় আরো তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে যায়। কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরিফ আহমেদ জানান, ঝড়ে কবির হাটের আবদুর রহিম উচ্চ বিদ্যালয় ও চর আমানউল্লা উচ্চ বিদ্যালয়ের স্কুলঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। তবে শিক্ষার্থীদের ‘উপস্থিত বুদ্ধির’ ফলে বড় কোনো বিপর্যয় ঘটেনি। তবে ধানশিড়ি ইউনিয়নের নলুয়া, নবগ্রাম ও জগনন্দ গ্রামে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেন্দ্র কুমার নাথ জানান, প্রথম সাময়িক পরীক্ষা চলাকালে ঝড় শুরু হলে শিক্ষকদের কমন রুম বাদে টিনশেড স্কুলঘরের প্রায় পুরোটাই ধসে পড়ে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেলেও তারা বুদ্ধি করে বেঞ্চের নিচে আশ্রয় নেওয়ায় কেউ মারাত্মক আহত হয়নি। ঝড় থামার পর স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের উদ্ধার করে বলে প্রধান শিক্ষক জানান। সুবর্ণচর উপজেলার চর আমানাউল্লা ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত উল্লা বাবু জানান, মাত্র ১৫ মিনিটের ঝড়ে চর আমান উল্লা উচ্চ বিদ্যালয়সহ আশেপাশের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। স্কুলের শিক্ষার্থীরা ঝড়ের শুরুতেই পাশের প্রাথমিক বিদ্যালয় ভবনে আশ্রয় নেওয়ায় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/০১১০ ঘ.