খুলনা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় বিএনপি ও যুবলীগ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড যশোর সড়কে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বিকালে স্থানীয় বিএনপি ও যুবলীগ একই সময়ে সমাবেশ আহ্বান করায় দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত চুকনগর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর জানান, ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিকালের সমাবেশের কথা থানা প্রশাসনকে জানানো হয়েছিল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর-উদ্দিন-আল-মাসুদ জানান, বিএনপির হরতাল, নৈরাজ্যের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিকেলের সমাবেশের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৩৬ ঘ.
bdnews24