পটুয়াখালী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়।
শনিবার সকাল সোয়া ১১টায় বিএনপি সমাবেশ শেষে শহরে মিছিল বের করলে কাজীপাড়া সড়কে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আহতদের মধ্যে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দলের ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বটতলায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু করলে আচমকা পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় তিনি ও বিএনপি নেতা লতিফ সিদ্দিকিসহ ১০ নেতাকর্মী আহত হন।
তিনি অভিযোগ করেন, পুলিশের শটগানের আঘাতে লতিফ সিদ্দিকীর পা ভেঙ্গে গেছে। তাৎক্ষনিকভাবে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া দুলাল মাতবর, আবুল হাওলাদার, মুনশুর লিটু, যুবদল নেতা মো. বাশার, সুজন, আরিফুর রহমান, মো. শাহিন, আলমগীর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতা।
লাঠিচার্জের কথা অস্বীকার করে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে লতিফ সিদ্দিকি নামে এক নেতার পা ভেঙ্গে গেছে বলে তিনি শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৩২ ঘ.
bdnews24