২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় খালাস মহিউদ্দিন আলমগীর

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীরসহ পাঁচজনকে একটি দুর্নীতি মামলায় বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীরসহ পাঁচজনকে একটি দুর্নীতি মামলায় বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল মজিদ। খালাসপ্রাপ্ত অন্যরা হলেন, সাবেক সংসদ সদস্য এমএ সাত্তার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম মঞ্জুর আলম, একই প্রতিষ্ঠানের সাবেক সদস্য শাকিরউদ্দিন আহমেদ ও গ্র“প ক্যাপ্টেন এম ইকবাল হোসেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায় দেওয়ার সময় মহিউদ্দিন খান আলমগীর উপস্থিত ছিলেন না। মামলায় বলা হয়, ১৯৯৭ সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট ক্যালিব্রেশন (নিরাপত্তা যন্ত্রের মাধ্যমে ফ্লাইট ওঠা-নামার ব্যবস্থা) কাজের জন্য ঠিকাদার নিয়োগে আইন ভেঙ্গে তিনটি দরপত্রের জায়গায় দুটি দরপত্র আহ্বান করা হয়। এরপর সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়া হয়। অভিযোগ করা হয়, আসামীরা ৪৪ লাখ ৫০ হাজার টাকা দুর্নীতি করে সর্বোচ্চ দরদাতা মেসার্স মিউচুয়াল ট্রেডিং কোম্পানিকে কাজ দেয়। ঘটনার সময় ড. মহিউদ্দীন খান আলমগীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ২৬ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মো. জহিরুল হুদা রাজধানীর বিমানবন্দর থানায় এ মামলা করেন। ২০০৪ সালের ২০ মার্চ মামলাটির অভিযোগ পত্র দাখিল করা হয়। বিচার চলার সময় পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসইউ/১২২২ ঘ.