২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ কেলেঙ্কারি: ইউসুফ আলীর চালককে দুদকের জিজ্ঞাসাবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় রেলের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধার গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্তের সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় রেলের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধার গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। চালক মোখলেসুর রহমান বুধবার সকাল ১০টায় কমিশনে হাজির হয়ে প্রায় আড়াই ঘণ্টা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে এসে মোখলেস সাংবাদিকদের কাছে দাবি করেন, ৯ এপ্রিল রাতে ইউসুফ আলী মৃধা কোনো টাকার ব্যাগ নিয়ে তার গাড়িতে উঠেছিলেন কিনা তা তার জানা নেই। ওই রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। রেলের জিএম ইউসুফ এবং কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। ঘটনার জের ধরে ইউসুফ ও এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুৎ করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্তও। রেলের মহাপরিচালক আবু তাহের এবং দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদের নেতৃত্বে দুটি দল ওই ঘটনা তদন্ত করছে। গাড়ি চালক মোখলেস সাংবাদিকদের বলেন, সেই রাতে তিনি ইউসুফ আলী মৃধা ও তার স্ত্রীকে নিয়ে ধানমন্ডি-৩ এ তাদের মেয়ের বাসায় যান। এর আধা ঘণ্টা পর মন্ত্রীর এপিএস ফারুকের গাড়ি আসলে ইউসুফ তাতে চড়ে চলে যান। ওই সময় কোনো টাকার ব্যাগ দেখেছিলেন কি না, বা টাকার কথা শুনেছিলেন কি না জানতে চাইলে মোখলেস বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। এক প্রশ্নের জবাবে চালক জানান, ওইদিন সকালেই ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন ইউসুফ আলী মৃধা। সে সময় তার সঙ্গে একটি বস্তা ছিল, যাতে কাঁঠাল ছিল বলে মনে হয়েছে মোখলেসের কাছে। এ ঘটনায় গত ১৮ এপ্রিল ওমর ফারুক, ইউসুফ মৃধা ও এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৩৩০ ঘ.