২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রা নির্বাচনে ২৭ পদে ৩১ প্রার্থী

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সংগঠনটির বর্তমান সভাপতি এবং এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্যানেল প্রধান মোহাম্মদ আবুল বাসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সংগঠনটির বর্তমান সভাপতি এবং এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্যানেল প্রধান মোহাম্মদ আবুল বাসার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার তিনিসহ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া আরো ৮৭ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে আগামী ৯ মে অনুষ্ঠেয় এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া ১০৯ প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। বায়রা নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ জাকী এবং বর্তমান মহাসচিব আলী হায়দার চৌধুরী মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। এদিকে বায়রার বর্তমান সভাপতি মোহাম্মদ আবুল বাসার ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগেরও সভাপতি। গত নির্বাচনে তার নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এবারের নির্বাচনে অংশ নিতেও তার নেতৃত্বে একটি প্যানেল ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের একজন মন্ত্রীসহ যুবলীগের শীর্ষ পর্যায় থেকে চাপের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে বায়রা সদস্যরা দাবি করেছেন। এ ব্যাপারে আবুল বাসারের সঙ্গে যোগাযোগ করা হলে চাপের কথা এড়িয়ে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নিচ্ছি না, এটাই শেষ কথা। এক্ষেত্রে ব্যক্তিগত এবং ব্যবসায়িক স্বার্থসহ অনেক কারণ থাকতে পারে। এজন্য আমি কাউকে দায়ী করছি না।” আবুল বাসারসহ ৮৮ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আগামী ৯ মে’র নির্বাচনে কোনো প্যানেল থাকছে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রত্যেকেই প্রতিদ্বন্দিতা করবেন। বায়রার সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের একটি মহলের চাপের মুখে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী দু’টি প্যানেল সম্মিলিত সমন্বয় ফ্রন্ট এবং গণতান্ত্রিক সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্রার্থীদের মধ্যে একটি সমঝোতা হয়। এ সমঝোতার ভিত্তিতে আবুল বাসার নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে এ নির্বাচনে গণতান্ত্রিক সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতা এমএ মোহাইমেন সালেহ’র নেতৃত্বাধীন প্যানেল থেকে ১৪ জন এবং সম্মিলিত সমন্বয় ফ্রন্টের আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে ১৩ জনকে নিয়ে একটি অঘোষিত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। আইনি জটিলতা এড়াতে নির্বাচন অনুষ্ঠানের জন্য আরো চার জন অতিরিক্ত প্রার্থীকে এ নির্বাচনে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ। বায়রা সদস্যরা জানান, গণতান্ত্রিক সম্মিলিত ফ্রন্টের পেছনে রয়েছেন বায়রা সাবেক সভাপতি নূর আলী, গোলাম মুস্তাফা এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ বেনজীর আহমেদ। সম্মিলিত সমন্বয় ফ্রন্টের পেছনে রয়েছেন সাবেক সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন এবং সাবেক সাংসদ এমএএইচ সেলিম। গত ৯ এপ্রিল এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এতে মোট ১০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৮৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৫৫ ঘ.