খাগড়াছড়ি, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় মেরুং ভূইয়াছড়ি এলাকার একটি পাহাড়ের নিচে গর্তে চাপা দেওয়া লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহত নুর আলী (৪৫) মেরুং হাজাছড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে দীঘিনালা থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, সোমবার পাওনা টাকা চাইতে গিয়ে নুর নিখোঁজ হন। পরে পরিবারের কাছে পাওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ উদ্ধার অভিযার চালায়।
আটক চারজন হলেন একই গ্রামের আবুল হোসেন (৪০), আরজ আলী (২৮), আয়ুব আলী (২২) ও এজাহার মিয়া (২৫)।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪২ ঘ.
bdnews24