গাজীপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় সাজা ভোগের পর গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে আরো চার জন মুক্তি পেয়েছেন।
মুক্তি প্রাপ্তরা হলেন- কক্সবাজারের চকোরিয়া থানার খুটাখালী গ্রামের রশিদ আহমেদের ছেলে মিজবাহ উদ্দিন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সাশিয়ালী গ্রামের সেকান্দর আলী তালুকদারের ছেলে মো. বিল্লাল হোসেন, খুলনার খানজাহান আলী থানার শিরমনি গ্রামের আব্দুল মুকিতের ছেলে মো. মেহেদী হাসান ও বরিশালের মেহেদীগঞ্জ থানার সুলতানী গ্রামের আব্দুর রহিমের ছেলে সাইদুর রহমান।
তারা সবাই ২৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক মো.জাহাঙ্গীর কবীর জানান, চার জনই ‘বিডিআর বিদ্রোহ’ মামলার আসামি ছিলেন। পিলখানায় স্থাপিত বিশেষ আদালতের বিচারক কর্নেল মো. হাবিবুল করিম গত বছরের ২৭ জুন তাদের ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তবে ২ মাস ৪ দিনের সাজা মওকুফ করে রোববার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।
এ নিয়ে কারাগার-১ থেকে ৪২ জন বিডিআর জওয়ান মুক্তি পেয়েছেন। সেখানে আরো ৭৯৭ জন বন্দি রয়েছেন।
এর আগে ১৮ এপ্রিল মওকুফের আওতায় ৯ মাস ২২ দিন সাজা ভোগের পর কারাগার-২ থেকে ১৬ জন মুক্তি পেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৬৫৪ ঘ.
bdnews24