মৌলভীবাজার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সময় উদ্ধার করা পাঁচ প্রজাতির বন্যপ্রাণী মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার সকালে গভীর জঙ্গলে প্রাণীগুলো ছেড়ে দেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি সেখানে কয়েকটি ফলজ বৃক্ষের চারা রোপনও করেন।
শ্রীমঙ্গলের বেসরকারি ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ এ অবমুক্তকরণের আয়োজন করে।
প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি লজ্জাবতী বানর, একটি গন্ধগোকুল, একটি বনবিড়াল, একটি বাদামী বানর ও একটি কককা।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকমাসে লাউয়াছড়াসহ জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে বেরিয়ে এসে লোকালয়ে মানুষের হাতে ধরা পড়ে প্রাণীগুলো। মানুষের হাতে পড়ে প্রাণীগুলো আহত হয়েছিল।
তিনি ব্যক্তিগত উদ্যোগে এ প্রাণীগুলোকে উদ্ধার করে তার ফাউন্ডেশনে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন।
প্রাণীগুলো অবমুক্ত করার সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার বনভিাগের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মদিনুল হক খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24