ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের গণমাধ্যম ব্যবসায়ীদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
শুক্রবার ল’ রিপোর্টার্স ফোরামের আয়োজনে আইন বিষয়ক সংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মিডিয়া চলে গেছে কিছু সওদাগরের হাতে। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না।”
“তবে এর যে ব্যতিক্রম নেই- এমন নয়। যে সব ভালো প্রতিষ্ঠান আছে, সেগুলোতে তো আর সব সাংবাদিকের সঙ্কুলান সম্ভব নয়”, যোগ করেন অ্যাটর্নি জেনারেল।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাহবুবে আলম বলেন, সংবাদে ‘অবশ্যই’ সত্য কথা বলতে হবে। কোনো আপস করা যাবে না। প্রতিকূল অবস্থার মধ্যেই নিজেদের মেধার প্রতিফলন ঘটাতে হবে।
“সাংবাদিকতা পেশায় কোনো অবসর নেই। যে সবার আগে বস্তুনিষ্ঠভাবে সংবাদ দিতে পারবে, সেটাই গ্রহণযোগ্য হবে।”
ল’ রিপোর্টার্স ফোরামের সম্পাদক মাশহুদুল হকের পরিচালনায় কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম।
অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালায় সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও আইনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন।
ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের আইন, সংবিধান ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেহউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ল’ রিপোর্টাস ফোরামের সাবেক সভাপতি ও ইউএনবির জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক কাজী ও দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক স্বপন দাস গুপ্ত বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৩০ ঘ.
bdnews24