ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (১৩তম আঙ্কটাড) যোগ দিতে শুক্রবার চার দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২১-২৬ এপ্রিল কাতারের দোহায় এই সম্মেলন হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং সাংসদ ইমরান আহমেদ, নিলুফার জাফর উল্লাহ, এ বি এম আবুল কাসেম ও তহুরা আলীসহ এবং বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তাসহ ৬১ সদস্যের প্রতিনিধ দল যাচ্ছে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার সকাল পৌনে ৯টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে রওনা হবেন। কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে তারা দোহা পৌঁছাবেন। সেখানে তারা ফোর সিজনস্ হোটেলে থাকবেন।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ব বিনিয়োগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান এবং নৈশ ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন তিনি।
কাতারের জাতীয় সম্মেলন কেন্দ্রে বিকালে আঙ্কাটাড সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। তিনি রোববার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
সেদিনই দোহায় বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল স্কুল ও কলেজ পরিদর্শন এবং কাতার প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সোমবার ‘উন্নয়নে নারী’ শিরোনামের এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি।
সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ২৪ এপ্রিল দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫০ ঘ.
bdnews24