ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সম্ভাব্য এক প্রার্থীর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর মধ্য দিয়ে ডিসিসির দুই ভাগে নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতের আদেশ বহাল থাকল।
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের সম্ভাব্য প্রার্থী ড. তুহিন মালিকের আবেদনটি খারিজ করে দেয়।
স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে গত সোমবার ডিসিসি নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
এছাড়া সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চায় আদালত।
হাইকোর্টের এই আদেশে ইসি প্রজ্ঞাপণ জারির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম স্থগিত করে।
এরপর হাইকোর্টের এই আদেশ স্থগিতের জন্য ড. তুহিন মালিক মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করেন। বিচারক তা গ্রহণ করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
তুহিন মালিকের পক্ষে আদালতে শুনানি করেন ড. এম জহির। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদও শুনানিতে উপস্থিত ছিলেন।
আদেশের পর ড. এম জহির সাংবাদিকদের বলেন, “আমরা শুনানিতে আবেদনের মেরিটে যেতে চেয়েছিলাম। কিন্তু আদালত মেরিটে না গিয়ে বলেছেন, আপনারাতো এ মামলার পক্ষভুক্ত হন নাই। হাই কোর্টে গিয়ে পক্ষভুক্ত হয়ে এই কথাগুলো বলেন।”
“আমরা যথাসম্ভব দ্রুত হাই কোর্টে পক্ষভুক্ত হওয়ার আবেদন করবো। সেই আবেদন গৃহিত হলে আদেশ ভ্যাকেট করার আবেদন করবো।”
মনজিল মোরসেদ বলেন, হাই কোর্টের আদেশের বিরুদ্ধে তুহিন মালিক সুপ্রিম কোর্টে আবেদন করেছিলো। আদালত সে আবেদন খারিজ করায় হাই কোর্টের আদেশই বহাল থাকলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১২১১ ঘ.
bdnews24