ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ এম ইলিয়াস আলীকে খুঁজে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হাত ধরে আর্তি জানিয়েছেন তার স্ত্রী, যাকে সরকার গুম করেছে বলে বিএনপির অভিযোগ।
ইলিয়াসের স্ত্রীকে আশ্বাস দেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী এই ঘটনা ঘটায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার রাত সাড়ে ১০টার সময় ইলিয়াস আলীর বনানীর বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন পুলিশ প্রধান হাসান মাহমুদ খোন্দকার এবং ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
প্রায় একঘণ্টা ওই বাসায় থেকে নিখোঁজ বিএনপি নেতার স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলেন সাহারা খাতুন।
তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে জানান, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েই তিনি পুলিশ প্রধান ও র্যাব প্রধানকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
লুনা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে তার স্বামীকে খুঁজে আনার অনুরোধ করে বলেন, “কোনো আশ্বাস চাই না। দয়া করে আমার সন্তানদের দিকে তাকিয়ে আমার স্বামীকে ফেরত দিন। অন্তত তিনি কোথায় আছে, সেটা জানান।”
তখন মন্ত্রী জানান, তার কোনো বাহিনী এই ঘটনা ঘটায়নি।
ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “গণতান্ত্রিক সরকার হিসাবে আমরা চাই না, দেশে কোনো গুপ্তহত্যার রাজনীতি চলুক। বনানী থানা, ডিবি ও র্যাব ঘটনাটি তদন্ত করছে। আমরা চেষ্টা করছি, তাকে খুঁজে বের করার।”
বিরোধী দলের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এটা ঠিক নয়। সরকার কেন এ ঘটনা ঘটাবে? মহাজোট সরকারের গত তিন বছরে আমরা এরকম কোনো কাজ করিনি।”
এর আগে বিএনপি নেতা চৌধুরী আলম নিখোঁজ হন এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ার বিষয়টি তুলে ধরা হলে তা এড়িয়ে যান সাহারা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে মনে করেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি অবশ্যই স্বীকার করি না, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ।”
গত ফেব্রুয়ারিতে সাংবাদিক দম্পত্তি নিহত হওয়ার পরে ৪৮ঘণ্টার মধ্যে খুনি খুঁজে বের করার কথা বলেও ব্যর্থ হওয়ার বিষয়টি তুলে ধরলে সাহারা বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আসামি ধরাই হবে, তা বলিনি। পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামি ধরার জন্যে নির্দেশনা দিয়েছিলাম।”
ইলিয়াসের স্ত্রী জানান, বনানীর ওই বাড়ি থেকে মঙ্গলবার রাতে বেরিয়ে যাওয়ার পর থেকে তার স্বামী এবং গাড়িচালক নিখোঁজ।
পুলিশ মধ্যরাতে বাড়ির কাছেই মহাখালীর একটি গলি থেকে সাবেক সংসদ সদস্য ইলিয়াসের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এই ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/০০৪০ ঘ.
bdnews24